জাপানে মানবসম্পদ রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এ দেশের প্রায় এক কোটি লোক বিদেশে কষ্ট করে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। একই সঙ্গে অনেক লোক দক্ষতার সঙ্গে বিদেশে কাজ করে দেশের সুনাম অর্জন করছেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য হলো, অসৎ ও প্রতারক দালালদের দ্বারা প্রতারিত হয়ে এ দেশের অনেক লোক বিদেশে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এবং একই সঙ্গে নিজেদের খুব কষ্টে সঞ্চিত টাকাও হারিয়েছেন। অসৎ দালালদের মাধ্যমে মালয়েশিয়া ও ইতালি যাওয়ার সময় শত শত লোক প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, প্রায় চার বছর যাবৎ সরকার অনুমোদিত কিছু ম্যানপাওয়ার ব্যবসায়ী চার বছরের জব ভিসায় জাপান ও তিন বছরের জব ভিসায় মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে যথাক্রমে সাড়ে ১২ লাখ ও ৪ লাখ করে টাকা দাবি করছে। তারা যতজন লোকের কাছ থেকে টাকা ও পাসপোর্ট সংগ্রহ করছে, তাদের মধ্যে যথাক্রমে সর্বোচ্চ ১৫ শতাংশ প্রার্থীকে জাপান ও ২৫ শতাংশ প্রার্থীকে মালয়েশিয়ায় বৈধ চাকরির চুক্তিতে পাঠাতে পারে।
২০১১ সাল থেকে ট্রেনিং জব ভিসায় জাপানে লোক পাঠানো শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ৪০০ জন লোক জাপানে গেছে। আর প্রতারিত হয়েছে আরও বেশিসংখ্যক লোক। তাদের বেশির ভাগই এজেন্টদের কাছে দেওয়া টাকা ফেরত পাচ্ছেন না। জাপানে সরকারিভাবে দ্রুত লোক পাঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।
আব্দুল ওয়াহাব, ঢাকা।