জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, অফিসার ও কর্মকর্তা-কর্মচারীর সন্তানেরা ভর্তি পরীক্ষায় শতকরা ৩৫ নম্বর পেলেই তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়ে থাকে। যতজন পোষ্যই এই যোগ্যতা অর্জন করে, ততজনকেই প্রতিবছর ভর্তি করে জাবি প্রশাসন। এটাকে পোষ্যদের কোটাসুবিধা বলা হচ্ছে। কিন্তু প্রতিবছর এই শতকরা ৩৫ নম্বরই পান না অনেকে। তখন আন্দোলনে নামেন পোষ্যদের অভিভাবকেরা। আন্দোলনের একপর্যায়ে আর কয়েক নম্বর বেশি দেওয়ার সিদ্ধান্ত হয় প্রশাসনের পক্ষ থেকে।
২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৩৫ নম্বরের সঙ্গে অতিরিক্ত ৩ নম্বর দিয়ে অতিরিক্ত ৬২ জনকে ভর্তি করা হয়েছিল। ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৭৮ জনকে অতিরিক্ত নম্বর দিয়ে ভর্তি করা হয়েছিল। এভাবে প্রতিবছর ভর্তি পরীক্ষার পর তাঁরা আন্দোলন করেন নিজেদের সন্তানদের ভর্তি করার জন্য।
এমনকি ২০১২ সালে শূন্য পেলেও শুধু ভর্তি পরীক্ষায় অংশ নিলেই যাতে তাঁদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে পছন্দমতো বিষয়ে পড়তে পারে, সে জন্য আন্দোলন হয়েছে। একটি জাতীয় দৈনিকে এই অযৌক্তিক বিষয় তুলে ধরা হলে তাঁরা ওই দৈনিকে প্রকাশ্যে আগুন দিয়েছিলেন। সচেতন মহলে সমালোচনা শুরু হলে ওই অযৌক্তিক দাবির আন্দোলন প্রত্যাহার হয়।
এ বছর ভর্তি পরীক্ষার আগেই তাঁরা আন্দোলনে নেমেছেন। কারণ, জাবি প্রশাসন কয়েকটি বিষয়ের জন্য উচ্চমাধ্যমিকের ফলাফলে কিছু বিষয়ে এ গ্রেড বা এ-মাইনাস গ্রেড শর্ত দিয়েছে। তাঁদের দাবি, এমন কোনো শর্ত থাকতে পারবে না।
এ জন্য তাঁরা গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত মাইকসহ বিক্ষোভ সমাবেশ করছেন, কর্মবিরতি পালন করছেন প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত। এ বছর আরও কত দিন তাঁরা এ আন্দোলন করবেন কে জানে?
কিন্তু সচেতন বিবেকের কথা হচ্ছে, দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশে থেকে তাঁরা তাঁদের সন্তানদের ভর্তি পরীক্ষায় শতকরা ৩৫ নম্বর পাওয়ার উপযোগী করে গড়ে তুলতে না পেরে কোন বিবেকে আন্দোলন করেন? যেখানে তাঁদের সন্তানদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজেও সহজলভ্য শিক্ষার সুযোগ থাকে। এত শিক্ষাবান্ধব পরিবেশে থেকে তাঁরা ভর্তি পরীক্ষায় শতকরা ৩৫ নম্বর না পেলে কোন যুক্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে?
কোটা তো তাঁদের জন্যই হওয়া উচিত, যাঁরা অবহেলিত, অনগ্রসর। যেখানে একটা গ্রামের খেটে খাওয়া কৃষকের ছেলে নিজ মেধায় শতকরা ৭০ বা তারও বেশি নম্বর পেয়েও ভর্তি হওয়ার সুযোগ পান না, সেখানে এই অযৌক্তিক কোটা কেন?
ওয়ালীউল্লাহ
প্রত্নতত্ত্ব বিভাগ, চতুর্থ বর্ষ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।