বাংলাদেশের প্রতিটি জেলায় কিছু না কিছু ভূমিদস্যু রয়েছে, যারা অন্যের জমি জবরদখল করে রেখেছে, কিংবা পেশিশক্তির বলে দুর্বল লোকজনের জমি কেড়ে নিয়ে তাদের উচ্ছেদ করছে। পত্রলেখক নিজেও এর একজন ভুক্তভোগী।
এক ভূমিদস্যু আমার বসতবাড়ির জমির দুটি দাগের জাল দলিল করেছে। আমি নাটোর রেজিস্ট্রি অফিস থেকে সেই জাল দলিলের কপি তুলে প্রথমে থানায় মামলা করতে যাই। থানা বলে যে জাল দলিলের মামলা থানা এখন নিতে পারবে না। সরকার আইন করে এসব মামলা দুদকের হাতে ন্যস্ত করেছে। এরপর আমি রাজশাহী দুদক অফিসে যাই। দুদক অফিস থেকে আমাকে বলা হয়, ‘সরকার আমাদের ওপর দায়িত্ব দিলেও আমরা সরকারকে জানিয়েছি যে দুদক জমিসংক্রান্ত কোনো মামলা নিতে অপারগ। সরকার শিগগিরই এ-সংক্রান্ত আইন পাস করলে তখন থানায় মামলা করতে পারবেন।’
চলতি মাসের ১ তারিখে সংসদের কার্যক্রম শুরু হয়েছে। তার সপ্তাহ দুয়েক আগে টিভির স্ক্রলে দেখলাম, সরকার এ ধরনের মামলাগুলো থানার মাধ্যমে পরিচালনার জন্য খসড়া আইন করেছে। আমি দ্রুত থানায় যোগাযোগ করলে বলা হয়, আইনটি সংসদে পাস হবে এবং এ-সংক্রান্ত গেজেট হলে তবেই মামলা নেওয়া সম্ভব হবে।
সরকারের কাছে অনুরোধ, দ্রুত আইনটি পাস করে গেজেট করা হোক, যাতে আমরা এই সমস্যা থেকে রেহাই পেতে পারি।
সালাহ্ উদ্দিন, নাটোর।