আজ প্রায় চার মাস যাবৎ জিগাতলার রাস্তা খনন করে সরকারের বিভিন্ন বিভাগ কাজ করছে। আজ ওয়াসা তো কাল অন্য বিভাগের কাজ। রাস্তা আর ঠিক হয় না। সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ির সামনে থেকে গাবতলা মসজিদের সামনে পর্যন্ত রাস্তাটির কাজও হচ্ছে না, আবার সেটা ঠিকও করা হচ্ছে না। সামনেই আসছে বর্ষা। সম্প্রতি দু-এক দিনের বৃষ্টিতেই মানুষের হাঁটাচলা বন্ধ হয়ে যায়।
প্রতিদিন এই রাস্তায় বহু মানুষ চলাফেরা করে। তাদের দুর্ভোগ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদনও হয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি। ফলে এ এলাকার লোকজন না পারে গাড়ি বের করতে, না পারে হেঁটে চলাচল করতে। কারণ, রাস্তা ভাঙা থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আবার রাস্তার এক পাশ বন্ধ থাকায় সকালে প্রচণ্ড ভিড় লেগে যায়। রিকশা, সাইকেল ও মোটরসাইকেলের জন্য হাঁটারও উপায় নেই। বর্ষার দিনে মানুষ কীভাবে হাঁটাচলা করবে, তা ভাবতেও শিউরে উঠতে হয়।
মোহাম্মাদ সাদেক, ঢাকা।