কিছুদিন আগে ফেসবুকে ও পরে ইউটিউবে একটি ভিডিও দেখে মনের মধ্যে খুব ক্ষোভ জন্ম নিল। ভিডিওটিতে দেখা গেছে, জুনায়েদ আল ইমদাদ নামের এক কিশোর মোহাম্মদ নুরুল্লাহ নামের আরেক কিশোরকে বেধড়ক মারধর করছে। একটি পূর্বপরিচিত মেয়ের ব্যাপারে ‘খারাপ কথা’ বলেছে—এমন অভিযোগ এনে জুনায়েদ এ কাণ্ড ঘটায়।
একপর্যায়ে সে ওই মেয়েটির নাম মুখে এনে নুরুল্লাহকে লক্ষ্য করে বলে, ‘তুই কইছস, তারে খাইয়া ছাইড়া দিতে। তারে আমি খাওয়ার লাইগ্যা...তারে খাওয়ার ইনটেনশন আমার নাই।’ জুনায়েদের মনোবিকার এই ভাষিক এক্সপ্রেশন নিয়েই আমার এই লেখা। আমার প্রশ্ন, জুনায়েদ কি একটি মেয়ে সম্পর্কে এ ধরনের ভাষা ব্যবহারকারী একমাত্র কিশোর?
ভিডিওটি দেখে আমি অবাক হলাম না একদমই। কারণ, ব্যক্তির মূল্যবোধ ভাঙছে। পরিবার ভাঙছে। সমাজ ভাঙছে। ব্যক্তিক বিশ্বাস ভাঙছে। মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। ভোগসর্বস্ব এই জীবনে কোনো কিছু লাভ করাটাই হয়ে উঠেছে জীবনের শেষ গন্তব্য। জুনায়েদদের কাছে নারী এখন হয়ে উঠেছে ‘খাওয়ার বস্তু’।
আমরা যদি ঘটনার ‘পাশ দিয়ে হেঁটে চলা’ ব্যক্তিগুলোর মতো ঘটনাটা চোখের সামনে দেখেও মুখ ফিরিয়ে নিই, যদি মূল্যবোধজনিত এই অবক্ষয়ের গভীর নেতিবাচক প্রভাব নিয়ে না ভাবি, তবে সামাজিক বাস্তবতায় এ ধরনের পরিস্থিতি থেকে সহজ কিংবা শিগগির উত্তরণ হবে কি?
মাধব দীপ
ছাত্র উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।