জ্বালানি গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা শহরে জ্বালানি গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। এবার শীতের শুরুতেই জ্বালানি গ্যাসের অভাব প্রচণ্ডভাবে অনুভূত হচ্ছে। রাজধানীর অধিকাংশ এলাকায় দুপুরের আগে চুলায় গ্যাসের চাপের পরিমাণ অত্যন্ত কম থাকে। দুপুরের দিকে গ্যাস ভালোভাবে পাওয়া গেলেও বিকেল থেকে আবার গ্যাসের সরবরাহ কমে যায়।
ফলে সকালের শিফটের স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী লোকজনকে প্রায়ই বাড়িতে নাশতা না খেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে যেতে হচ্ছে। কাজেই বাধ্য হয়েই তাদের অধিকাংশ সময়ই হোটেল-রেস্তোরাঁয় ও বাইরের খোলা খাবার দিয়ে নাশতার কাজ সারতে হচ্ছে। এতে তারা পেটের নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এ ছাড়া গৃহিণীদের রান্নার জন্য রান্নাঘরে অধিক সময় দিতে হচ্ছে। ফলে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। গ্যাসের সরবরাহ কম থাকায় রাজধানীবাসীকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কাজেই দ্রুত ঢাকা শহরের নাগরিকদের জন্য পর্যাপ্ত জ্বালানি গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উজ্জ্বল দাস পোদ্দার, ধানমন্ডি, ঢাকা।