আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই নিম্নমুখী জ্বালানি তেলের দাম। গত সোমবার তেলের দাম ১১ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসে ব্যারেলপ্রতি ৩৬ দশমিক ১৮ ডলারে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়া এ দরপতনের অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের উৎপাদনের রাশ টানতে ওপেক ব্যাপক হারে তেল সরবরাহ করছে। পাশাপাশি তেলের দাম ব্যারেলপ্রতি ২০ ডলারে নেমে আসবে বলেও অনুমান করছে সংস্থাটি। এই দাম আরও অনেক দিন এরকমই থাকবে বলেই জানা গেছে।
অর্থনীতির সাধারণ হিসাবমতে, জ্বালানি তেলের স্থিতিশীল ও কম মূল্য অর্থনীতিকে চাঙা করে। এটি ভোক্তা ও ব্যবসায়ীদের ব্যয় হ্রাস করে। এতে ভোক্তাদের ব্যয়যোগ্য আয় বাড়বে, যা অন্যান্য খাতে ব্যয় করা যায়। অন্যদিকে ব্যবসায়ীদের সব ধরনের উৎপাদনে উপকরণ ব্যয় হ্রাস পায়, যা শিল্প ও সেবা পণ্যের দাম হ্রাসে ভূমিকা রাখে। বিপরীতভাবে জ্বালানি তেলের উচ্চমূল্য অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস করে।
এ অবস্থায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও দুবার তেলের দাম কমিয়েছে। অথচ আমরা দাম তো কমাইনি, বরং বিদ্যুতের দাম বাড়িয়েছি। যেখানে তেলের দাম কমে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচও কমে আসার কথা। আশা করি, সরকার ব্যবসা ও মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে তেলের দাম কমাবে।
এডওয়ার্ড গৌতম
ঢাকা।