আমরা ২০০৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি, নিয়ম অনুযায়ী আমাদের এ বছর টাইম স্কেলের জন্য আবেদন করার কথা। কিন্তু সরকার ঘোষিত অষ্টম পে-স্কেলের ঘোষণার কারণে আমার মতো অনেকেই টাইম স্কেল থেকে বঞ্চিত হবেন। এ কারণে অনেকেই হতাশায় ভুগছেন। আশা ছিল, নিয়ম অনুযায়ী টাইম স্কেল পেয়ে গ্রেড পরিবর্তন হবে। এখন অষ্টম পে-স্কেলের কারণে বর্তমান গ্রেড থেকেই অবসরে যেতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ে অনেক সহকারী শিক্ষক রয়েছেন, যাঁরা কেউ একটি, কেউ দুটি আবার কেউ তিনটি টাইম স্কেল পেয়ে পরবর্তী ধাপে উঠেছেন। অষ্টম পে-স্কেলের কারণে তাঁদের সঙ্গে আমাদের গ্রেড ও বেতনের বিস্তর ফারাক রয়েছে এবং ভবিষ্যতেও সেটা থাকবে। ফলে টাইম স্কেল না পাওয়া শিক্ষকদের মধ্যে একধরনের ঈর্ষা সৃষ্টি হতে পারে। তা ছাড়া, যোগ্যতা থাকা সত্ত্বেও সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতির সুযোগ নেই। আমরা সহকারী শিক্ষকেরা ক্রমাগত বৈষম্যের শিকার হচ্ছি।
প্রাথমিক শিক্ষাকে শিক্ষার ভিত্তি বলা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই প্রাথমিক শিক্ষার উন্নয়নের কথা বলেন। কিন্তু শিক্ষকদের উন্নয়ন ছাড়া কি শিক্ষার উন্নয়ন সম্ভব?
পারভীন আক্তার
সহকারী শিক্ষক, চট্টগ্রাম।