গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) নামে আমেরিকার গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ থেকে অর্থ পাচারের পরিমাণ বেড়েছে। ২০১৩ সালে বাংলাদেশ থেকে আগের বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে, টাকার অঙ্কে যা ছিল প্রায় ৭৬ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা। অর্থ পাচার বেড়ে যাওয়াটা নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য তো বটেই, সামগ্রিকভাবে দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্যও উদ্বেগজনক।
সংস্থাটি প্রতিবেদনে বলেছে, প্রায় প্রতিবছরই বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়। আমদানি-রপ্তানির সময় পণ্যের প্রকৃত মূল্য গোপন করে অর্থ পাচার বেশি হয়। ২০১৪ সালে এ সংস্থাটি যে প্রতিবেদন প্রকাশ করেছিল, তাতে ২০১২ সালে অর্থপাচারে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৫১তম, এবার ১৪৯টি দেশের মধ্যে ২৬তম।
আমদানি বাণিজ্যে অতিরিক্ত মূল্য ধরেই অধিকাংশ অর্থ পাচার সংঘটিত হয়। এর পাশাপাশি অন্য মাধ্যমেও কিছু অর্থ পাচার করা হয়। বরাবরই দেখা গেছে, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থসম্পদের পাহাড় গড়ে তোলেন, তঁারা সরকার পরিবর্তন হলে বিদেশে নির্বিঘ্ন জীবন যাপনের জন্য অর্থ পাচার করেন। এঁদের পাশাপাশি ব্যবসায়ীদের একটি অংশও অর্থ পাচারে জড়িত। গত বছর বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, অনেক ব্যবসায়ীই মালয়েশিয়ায় অর্থ পাচারের মাধ্যমে সেখানে সেকেন্ড হোম করছেন। দেশে বিনিয়োগের পরিবেশ না থাকাটাও এই টাকা পাচারের অন্যতম কারণ।
ফলে টাকা পাচারের কারণগুলো খতিয়ে দেখে এই পাচার বন্ধ করতে হবে। তা না হলে আমাদের দেশই ক্ষতিগ্রস্ত হবে।
মো. রেদোয়ান হোসেন, টাঙ্গাইল