বাংলাদেশের পরিবহনব্যবস্থার একটি বড় অংশজুড়ে ট্রেন পরিষেবার অবস্থান। ভ্রমণপিপাসু মানুষের কাছে ট্রেনে চলাচল যেমন আরামদায়ক, তেমনি নিরাপদ। কিন্তু সরকারি এ যোগাযোগ খাতের সবচেয়ে বড় দুর্ভোগ হচ্ছে টিকিট কালোবাজারি। টিকিট কালোবাজারির কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। রেলওয়ের এ ভোগান্তি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, অগ্রিম টিকিট বিক্রয় ব্যবস্থাই পরোক্ষভাবে টিকিট কালোবাজারির মূল কারণ।
অগ্রিম টিকিট ব্যবস্থায় যেকোনো আন্তনগর ট্রেনের টিকিট দেশের সব কাউন্টার থেকে কমপক্ষে ১০ দিন আগে সংগ্রহ করা যায়। কিন্তু একজন মানুষ ১০ দিন আগেই কীভাবে ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হতে পারে? একপর্যায়ে এই সুযোগ হাতিয়ে নেন একশ্রেণির অসাধু রেলওয়ে কর্মকর্তা–কর্মচারী ও কালোবাজারি টিকিট ব্যবসায়ী। তাঁরা লেজুড়বৃত্তির মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বিক্রয় করতে তৎপর হন। সাধারণ যাত্রীরা প্রয়োজনীয় মুহূর্তে কাউন্টার থেকে টিকিট না পেয়ে কালোবাজারিদের কাছ থেকে কয়েক গুণ বেশি দামে টিকিট কেনে। দেশের সব স্টেশনে ১০ দিন আগে অগ্রিম টিকিট না দিয়ে ২ থেকে ৩ দিন আগে এবং শুধু কেন্দ্রীয় রেলস্টেশনগুলোতে ১০ দিন আগে অগ্রিম টিকিট দেওয়া হলে এ দুর্ভোগ থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে।
এম সবুজ মাহমুদ, জামালপুর।