টিফিন ও চিকিৎসা ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মাসিক টিফিন ভাতা অনেকটাই কৌতুকের মতো মনে হয়, ১৫০ টাকা। মাসে কার্যদিবস থাকে ২৫-২৬ দিন (ঐচ্ছিক ছুটি ছাড়া)। এখন ১৫০ টাকাকে ২৫ দিয়ে ভাগ করলে প্রতিদিনের জন্য বরাদ্দ থাকে ছয় টাকা। এই টাকা দিয়ে বর্তমান সময়ে এক কাপ চা খাওয়াও অসম্ভব।
বিষয়টা আরও বেশি চোখে পড়বে অন্যান্য পেশায় যাঁরা আছেন, তাঁদের সঙ্গে বিবেচনা করলে। দেখা যাবে কতটুকু বৈষম্য। প্রাথমিক বিদ্যালয়গুলোর কর্মসময় সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। উপরন্তু, বেশির ভাগ প্রাথমিক শিক্ষকের কর্মস্থল থাকে নিজ বাড়ি থেকে অনেক দূরবর্তী এলাকায়। যার কারণে অনেক সময় দেখা যায়, তাঁরা সকালে না খেয়ে বেরিয়ে পড়েন সঠিক সময়ে স্কুলে পৌঁছার জন্য।
এদিকে শিক্ষকদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ৭০০ টাকা। এই স্বল্প টাকায় সারা মাসে কি স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব? অথচ একজন ভালো চিকিৎসকের ফি ৫০০ টাকার কম নয়। সেখানে এই ভাতা সত্যি লজ্জাজনক। এখনো অনেক ক্ষেত্রে দেখা যায়, পারিবারিক চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পুরো মাসের বেতনের বেশির ভাগই ব্যয় করে ফেলতে হয়। ভেজাল খাবার আর সময়ের পরিবর্তনে রোগব্যাধির প্রকোপ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে চিকিৎসা ভাতার পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন।
ভাতা দিতে হবে সেই কারণে নয়, বাস্তবতার নিরিখে বিবেচনা করে সময়োপযুক্ত চিকিৎসা ও টিফিন ভাতা বৃদ্ধির ব্যবস্থা করা হোক। সুস্বাস্থ্য ও সুস্থ জীবন যাপন করতে এই দুটির উন্নতির কোনো বিকল্প নেই। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল।