টিভির বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পণ্যের বেশির ভাগ বিজ্ঞাপন এখন ভারতীয় বাংলা ও হিন্দি চ্যানেলগুলোয় সম্প্রচারিত হচ্ছে। এর ফলে দেশ হারাচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা, অন্য দিকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো হারাচ্ছে রাজস্ব।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের মুনাফা নিশ্চিত করতে চাইবে—এটাই স্বাভাবিক। তারা জানে, বাংলাদেশের অধিকাংশ দর্শক ভারতীয় চ্যানেলের প্রতি আসক্ত। আর এ কারণেই তারা ভারতীয় টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে। সম্প্রতি দেখলাম, নির্মাতা, অভিনয়শিল্পী ও নানা কলাকুশলী এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তাঁরা তাঁদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এটাও ভেবে দেখা দরকার, কেন আমাদের ব্যবসায়ীরা অতিরিক্ত টাকা খরচ করে বিদেশি চ্যানেলের প্রতি ঝুঁকছেন।
প্রথমত, আমাদের টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপন প্রদর্শনের সুষ্ঠু নীতিমালা নেই। আর যদি থাকেও, তার প্রয়োগ নেই। দ্বিতীয়ত, আমাদের দেশের টিভি চ্যানেলগুলোয় অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে সমন্বয়হীনতা প্রকট। সব চ্যানেলই একই সময়ে সংবাদ, বিনোদনমূলক অনুষ্ঠান কিংবা টক শো সম্প্রচার করে। এর ফলে দর্শক সিদ্ধান্তহীনতায় ভোগে, কোন চ্যানেলের অনুষ্ঠান দেখবে তারা।
এর সঙ্গে তো অনুষ্ঠানের নিম্নমানের ব্যাপারটা আছেই। ফলে মানুষ যদি এসব চ্যানেল না দেখে, তাহলে বিজ্ঞাপনদাতারা তো তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেই। আর এত চ্যানেল হওয়ার কারণেও বিজ্ঞাপনগুলো ভাগ হয়ে যাচ্ছে। আশা করি, টিভি চ্যানেলের মালিকেরা বিষয়গুলো ভেবে দেখবেন।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।