১ উইকেটে ১৭১। স্কোরটা কত ভালোই না লাগছিল দেখতে। সেই বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হলো ২২০ রানে। মাত্র ৪৯ রানে পড়ে গেল শেষ ৯ উইকেট! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এক দিনের ক্রিকেটে ঈর্ষণীয় সাফল্য অর্জন করলেও টেস্ট ক্রিকেটে এখন পর্য¯ন্ত খুব ভালো করতে পারেনি। ইংল্যান্ডের সঙ্গে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখা গেল, বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ২২০ রানে গুটিয়ে গেল। যদিও প্রথম টেস্টটি আমরা জিততে জিততে হেরে গেলাম।
টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে এদিকে মনোযোগ বাড়াতে হবে। কারণ, কোনো কিছুতে ভালো করতে গেলে তাতে মনোযোগ দেওয়ার বিকল্প নেই। তার সঙ্গে প্রচুর তিন বা চার দিনের ম্যাচ খেলতে হবে। সর্বোপরি টেস্টে ভালো করতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো ধৈর্য। ব্যাটসম্যানদের উইকেটে টিকে থাকার মানসিকতা থাকতে হবে। একদম মাটি কামড়ে পড়ে থাকতে হবে। প্রয়োজন হলে এক ঘণ্টায় একটি রানও তোলার দরকার নেই। যেটা আবার পরে পুষিয়ে নেওয়া যাবে।
মোদ্দা কথা, টেস্ট ক্রিকেটের ব্যাকরণটা আত্মস্থ করতে হবে। সেটা করতে পারলে আমরা টেস্ট ক্রিকেটেও একদিন অনেক ভালো করতে পারব। সেই দিনের অপেক্ষায় রইলাম।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।