ভূমিদস্যুদের দখলদারি কোথায় নেই—ফুটপাত, রাস্তা, পতিত জায়গা, ডোবা-জলাশয়, খালবিল, চরাঞ্চল, নদী—সর্বত্রই ওরা দখল করে একহাত দেখিয়েই যাচ্ছে দিনের পর দিন। এই ভূমিদস্যুদের শায়েস্তা করতে সংশ্লিষ্ট বিভাগ ব্যর্থতার পরিচয় কি দিয়ে যাচ্ছে না? তা না হলে তুরাগ নদে বর্জ্য ও মাটি ফেলে দখল ও ভরাটের কাহিনি শুনতে হতো না।
ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের পূর্ব পাশে ছিল বিশাল জলাশয়। মাটি ফেলে জলাশয়টি ভরাট করে বানানো হচ্ছে বাড়িঘর। আর এদিকে জলাশয় ভরাট করার জন্য রূপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর সড়কের ওপর দিয়ে দিনে-রাতে সমানে ভারী যানবাহন ট্রাকের পর ট্রাকে মাটি বহন করে নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
২৭ নম্বর সড়কে আজ আর নেই ইট-খোয়া। যারা বোটানিক্যাল গার্ডেনের পূর্ব পাশের জলাশয় ভরাট করার জন্য ট্রাকে করে মাটি নেওয়ার নির্দেশ দিয়েছে, তাদের কাছ থেকে ২৭ নম্বর সড়কসহ অন্যান্য রাস্তাগুলো সংস্কারের খরচ আদায় করে অবিলম্বে রাস্তাগুলো মেরামত করা হোক।
সেই সঙ্গে রূপনগর আবাসিক এলাকায় ট্রাক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।