ট্রেনের আসন বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক ও পর্যটন এলাকা হিসেবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত। প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত সিলেটের বহু যাত্রীকে ট্রেনযোগে চট্টগ্রাম যাতায়াত করতে হয়। তা ছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর ও নোয়াখালীর বিশাল জনগোষ্ঠী পেশাগত, ব্যবসায়িক ও অন্যান্য কারণে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে অবস্থান করে থাকে। তাদের প্রতিনিয়ত সিলেট-চট্টগ্রাম রুটে যাতায়াত করতে হয়।
এই রুটে যাত্রীদের রেলপথে যাতায়াতের একমাত্র মাধ্যম ‘পাহাড়িকা’ ও ‘উদয়ন’ এক্সপ্রেস ট্রেন। ট্রেন ভ্রমণ নিরাপদ, আরামদায়ক ও স্বল্প ব্যয়ের মাধ্যম হওয়ায় যাত্রীরা ট্রেন ভ্রমণ বেশি পছন্দ করে। এক বছর আগে ‘পাহাড়িকা’ ট্রেন দুর্ঘটনাকবলিত হলে শ্রীমঙ্গল স্টেশনের জন্য বরাদ্দকৃত বগিটি ক্ষতিগ্রস্ত হয়। সে থেকে বগিস্বল্পতার কারণে শ্রীমঙ্গল স্টেশন থেকে পাহাড়িকা ও উদয়ন ট্রেনের টিকিট প্রদান বন্ধ রাখা হয়েছে।
শ্রীমঙ্গল খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এটি পর্যটন শহর হিসেবেও খ্যাত, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। এমনকি মৌলভীবাজার শহরের মানুষদেরও শ্রীমঙ্গল স্টেশনে নামতে হয়। ফলে অবিলম্বে শ্রীমঙ্গলের জন্য আসন বরাদ্দ করা হোক।
মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।