ট্রেনের টিকিট কালোবাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সময় দেশের সবচেয়ে বড় চার লাইনের রেল জংশন পার্বতীপুর রেলস্টেশনে ট্রেনের ফিরতি টিকিট যেন সোনার হরিণ! এই এলাকার হাজার হাজার ট্রেনযাত্রী টিকিট কালোবাজারিদের কাছে জিম্মি হয়ে পড়েছে বিভিন্ন কারণে ট্রেনে চলাচল নিরাপদ হওয়ায় ঈদকে কেন্দ্র করে স্টেশন এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে। এই সুযোগ ব্যবহার করে স্টেশন এলাকার কালোবাজারি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। 

কিন্তু রেল প্রশাসনের নাকের ডগায় এহেন কার্যক্রম চললেও কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এমতাবস্থায় আমার প্রস্তাব, রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করে  ট্রেনের সিংহভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হোক।

একটি ক্রেডিট কার্ডের বিপরীতে কতগুলো টিকিট কেনা যাবে, তা–ও নির্দিষ্ট করে দিতে হবে। এতে কালোবাজারি ব্যবসা ও যাত্রী হয়রানি বন্ধ হবে। সড়কপথের দুরবস্থার কারণে ট্রেন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। অন্যদিকে স্বল্প খরচে মালামাল পরিবহনের জন্য ট্রেনের চেয়ে ভালো কিছু নেই। এই পরিপ্রেক্ষিতে আমাদের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি হয়েছে।  

যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারে।   

মেনহাজুল ইসলাম

দিনাজপুর।