বাংলাদেশ ডাক বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট আছে, যার নাম BANGLADESH POST OFFICE: সার্চ দিলেই পাওয়া যায়। এখানে বাংলাদেশের প্রতিটি গ্রাম, ডাক, থানা, জেলা ও নির্দিষ্ট পোস্টকোড পাওয়া যায়।
একদিন আমার প্রয়োজনে ওই সাইটে সার্চ করে দেখলাম কিছু কিছু ভুল আছে। পেকুয়া থানার যেসব ডাকঘর আছে, যেমন: মগনামা, রাজাখালী, বারবাকিয়া ও পেকুয়া। এই ডাকঘরগুলোর থানা হবে ‘পেকুয়া, জেলা হবে কক্সবাজার’, কিন্তু ডাকপোস্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, থানা ও জেলা পার্বত্য এলাকার বান্দরবান।
এ রকম অনেক জায়গায় গরমিল দেখা যাচ্ছে। অনেক ডাকঘরের ইংরেজি বানান ভুল দেখা যাচ্ছে, বর্তমানে চলছে ২০১৪ সাল, ওয়েবসাইটটির সংস্করণ দেখা যাচ্ছে ২০০৬ সাল, ২০০৮ সালে আইডি কার্ড হয়েছে, অনেক আইডি কার্ডের ডাকঘরের সঙ্গে ওয়েবসাইটের ডাকঘরের মিল নেই, ডাকঘর ভাগ হয়ে গেছে। থানা হয়ে গেছে জেলা।
বাংলাদেশের মানুষ এখন অনেকটাই ডিজিটাল, অথচ ডাক বিভাগ রয়ে গেছে অ্যানালগ। ডাক বিভাগের ওয়েবসাইটটি নতুনভাবে হালনাগাদ করার অনুরোধ জানাচ্ছি।
মো. রুহুল আমিন
চকরিয়া, কক্সবাজার।