সম্প্রতি দেখা গেল ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন’ পাঁচ দফা দাবি পেশ করেছে। এর মধ্যে একটি দাবি হচ্ছে দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান বন্ধ করতে হবে। সাধারণ দর্শকেরা এই দাবি দেখে বিস্মিত হয়েছেন। এত দিন ভারতীয় হিন্দি সিরিয়ালের দাপট নিয়ে শিল্পী সংস্থা ও নির্মাতারা শঙ্কিত ছিলেন। সেই হিন্দি সিরিয়াল থেকে দর্শকদের টেনে নিল ভারতীয় চ্যানেল জি বাংলা বা স্টার জলসা বাংলা টিভি চ্যানেল। আমাদের নির্মাতা বা শিল্পীরা ব্যর্থ হলেন দর্শক টানতে।
বাংলাদেশের একটি নতুন বেসরকারি চ্যানেল যখন বিদেশি একটি সিরিয়াল সুলতান সুলেমান-এর বাংলা ডাব করে দেখানো শুরু করল, তখন দর্শক ঠিকই বাংলাদেশের চ্যানেল দেখা শুরু করল। এই সফলতায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের বেশ কয়েকটি চ্যানেল এরই অনুকরণে আরও কিছু ডাব করা বিদেশি সিরিয়াল দেখানো শুরু করেছে। বেসরকারি চ্যানেলগুলো তো চাইবে দর্শক তাদের অনুষ্ঠান দেখুক। আর দর্শক চাইবেন ভালো কিছু দেখতে।
এখন আমাদের নির্মাতা বা অভিনয়শিল্পীদের ভেবে দেখতে হবে, কেন তাঁদের অনুষ্ঠান বা নাটক দর্শক দেখতে চাইছেন না। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এ রকম সুরক্ষা দাবি করা সংগত নয়। এই ডিজিটাল যুগে প্রতিযোগিতা কঠিন হবে, সেটাই স্বাভাবিক। দর্শকদের জোর করে নিম্নমানের অনুষ্ঠান বা নাটক দেখানো যাবে না। দেশি চ্যানেলে ভালো অনুষ্ঠান হলে দর্শক নিশ্চয়ই তা দেখবেন।