মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এর পাশেই রয়েছে বিশাল খেলার মাঠ, মসজিদ ও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। তাই প্রতিদিন এখানে চলাচল করে শত শত পথচারী ও হাজারো শিক্ষার্থী। আর বিকেলবেলায় কবরস্থানে আগমন করেন অগণিত দর্শনার্থী। কেউ আসেন অবকাশ উদ্যাপনে, কেউ আসেন শরীরচর্চা করতে আর কেউ বা আসেন কবর জিয়ারতে। মোদ্দা কথা, সর্বদাই থাকে মানুষের উপস্থিতি। কিন্তু এখানে এসেই সবাইকে যে কারণে দুর্ভোগ পোহাতে হয় তা হলো, কবরস্থানের দক্ষিণ পাশের দেয়াল ঘেঁষেই রয়েছে ডাম্পিং স্টেশন। আর সেখান থেকেই আসে অসহনীয় দুর্গন্ধ। সেই সঙ্গে রয়েছে অসংখ্য ময়লাখেকো কাক ও কুকুরের আনাগোনা। যে কারণে পথচলা ও অবস্থান করা অত্যন্ত কষ্টকর, এ কারণে পরিবেশদূষণও মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বেশ কিছুদিন আগে এই ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। অতএব জনস্বাস্থ্য প্রশাসনের কাছে এর আশু প্রতিকার কামনা করছি। আশা করি, কর্তৃপক্ষের সদয় দৃষ্টি হবে।
মুহাম্মদ মনসুর আলম
হরিরামপুর, মিরপুর-১, ঢাকা।