পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কের দক্ষিণে সদরঘাট এবং পশ্চিমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পার্কটি থেকে সামান্য পূর্বদিকে রয়েছে সাত-আটটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং পার্কসংলগ্ন এলাকায় রয়েছে একটি বাসস্ট্যান্ড।
পার্কটির আশপাশের এলাকা অত্যধিক জনবহুল এবং পার্কটি পুরান ঢাকার একমাত্র মুক্ত স্থান। তাই প্রতিদিন পুরান ঢাকার শত শত মানুষ সুস্থ থাকতে শারীরিক ব্যায়ামের জন্য পার্কটিতে আসে।
কিন্তু পার্কটির সঙ্গেই এবং ঠিক রাস্তার উপরেই রয়েছে এক বিশাল আকারের ডাস্টবিন। এর ময়লার দুর্গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করছে। ফলে আশপাশের সব মানুষ এবং পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। তা ছাড়া বিভিন্ন প্রয়োজনে বাধ্য হয়েই অসংখ্য পথচারীকে এ পথেই চলতে হয় এবং এই দূষিত বায়ুর নিঃশ্বাস নিতে হয়। কিন্তু এই দূষিত বায়ু মানবস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।
তাই জনদুর্ভোগ কমাতে এবং পরিবেশকে নির্মল রাখতে এই ডাস্টবিন অন্য কোনো স্থানে স্থানান্তর করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রুবেল আহমেদ, ঢাকা।