ডাস্টবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরীর সৌন্দর্যবর্ধন করার ব্যাপারে দুই মেয়র যে আন্তরিক, তা ফুটপাতের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। এত দিনে আমরা দেখতে পাচ্ছি, নানা জায়গায় ডাস্টবিন বসানো হয়েছে। যদিও নাগরিকেরা এখনো ততটা সচেতন নয়। নগরীর ডাস্টবিনে যেন জনসাধারণ ময়লা ফেলে, তার জন্য নানা প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে ছোট ছোট নাটিকার মাধ্যমে জনসাধারণকে এই ডাস্টবিন ব্যবহারে উৎসাহী করা যেতে পারে, যত্রতত্র ময়লা ফেলার কুফল সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে।
তবে চিন্তার বিষয় হচ্ছে, এর মধ্যে বেশ কিছু ডাস্টবিনে কনটেইনার চুরি হয়ে গেছে। এখন চুরি যখন হচ্ছেই, তখন আরও চুরি হবে—এটাই স্বাভাবিক। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, ডাস্টবিনের কনটেইনারটি আরও শক্ত করে লাগানো হোক। এ ছাড়া নগরীর বেশ কিছু জায়গায় রাস্তার ধারে শোভাবর্ধনের জন্য লাগানো চারাগাছ চুরি হয়েছে। এই চারাগাছগুলো যাতে চুরি না হয়, সে জন্য নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে।
আমাদের নৈতিক অবক্ষয় এতটাই বেড়ে গেছে যে বড় বা ছোট কোনো চুরিই আর অনুভূতিকে নাড়া দেয় না। আইনের শাসন ও আইন মানার মানসিকতা যত দিন তৈরি না হবে, তত দিন পর্যন্ত আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নাগরিক আইন না মানলে তাকে জোর করে আইন মানানো যায় না। আর সে ক্ষেত্রে শহর কখনোই সুন্দর ও সুশৃঙ্খল হবে না।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।