ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের (নয়াটোলা, মগবাজার) শিশুপার্কটির অবস্থা বেহাল। ২৩ অক্টোবর হঠাৎ করে পার্কের সীমানাপ্রাচীর ভেঙে যায় এবং এর বেশ কিছু বড় গাছ কেটে ডাস্টবিন বানাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের এ রকম দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে পরিবেশ বিপর্যয়সহ লক্ষাধিক জনবসতিপূর্ণ এলাকাটির মারাত্মক পরিবেশদূষণ হবে। ডাস্টবিনের ময়লা আবর্জনার কারণে কোমলমতি শিশুরা খেলাধুলা তো দূরের কথা, পার্কে ঢুকতে পর্যন্ত পারে না।
বছর খানেক আগে পার্কের সীমানাপ্রাচীর ভেঙে এবং এর বেশ কিছু গাছ কেটে ডাস্টবিনটি বড় করার প্রকল্প হাতে নিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু জনগণের প্রতিরোধ এবং বেশ কয়েকটি দৈনিক সংবাদপত্রে এ–বিষয়ক সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাজটি বন্ধ করে দেন।
তখন কাজটি বন্ধ করা হলেও পার্কের ভেতরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঘর বানানো হয়েছে। কিন্তু এখন আবার পার্কের জায়গায় ডাস্টবিন বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এমনিতেই ঢাকা শহরে শিশুদের বিনোদনের জায়গা হারিয়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অবিলম্বে এই ডাস্টবিনের নির্মাণকাজ বন্ধ হোক।
মোহাম্মদ আজাদ মিয়া, নয়াটোলা, ঢাকা।