কিছুদিন আগে এনটিআরসিএ নিবন্ধনকৃতদের কাছ থেকে চাকরির দরখাস্তের আহ্বান করে। এই রেজিস্ট্রেশন করতে হয়েছিল ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল পদ্ধতির এই রেজিস্ট্রেশন পুরো শিক্ষিত জাতিকে বোকা বানিয়েছে। শিক্ষক হওয়ার একজন প্রার্থী হয়ে নিজ উপজেলা ও জেলার প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের খবর জানা যাবে না—এটা হাস্যকর। একেকটি উপজেলায় শূন্যপদের সংখ্যা ২০ থেকে ২৫টি হলেও সেখানে দেখানো হয়েছে দুই থেকে তিনটি।
অনলাইনে আবেদন করতে গিয়ে শূন্যপদের সংখ্যা দেখে বোকা বনে যান শিক্ষক প্রার্থীরা। শূন্যপদের সংখ্যার তথ্য প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রধানের গাফিলতি সুস্পষ্টভাবে প্রমাণিত। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি তো রয়েছেই। এতে শিক্ষিত সমাজের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটা বেকারদের সঙ্গে একধরনের তামাশা। আমরা এটা মেনে নিতে পারি না। কিন্তু দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে কার কাছে প্রতিকার চাইব—সেটাও এখন বোঝা মুশকিল। আমরা যেন এক গোলকধাঁধার মধ্যে বাস করছি।
মো. আজিনুর রহমান, নীলফামারী।