ডিজিটাল প্রেসক্রিপশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উচ্চ আদালত সম্প্রতি চিকিৎসকদের স্পষ্টাক্ষরে প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখার নির্দেশ দিয়েছেন। এই আদেশের ফলে দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি দূর হবে। কিন্তু কতটুকু স্পষ্টাক্ষরে লিখলে তা রোগীকে সঠিক ওষুধ খুঁজে পেতে সহায়তা করবে, তা নির্ধারণ করা বেশ কঠিন। কারণ, একেকজন চিকিৎসকের হাতের লেখা একেক রকম।

হঠাৎ করে হাতের লেখা পরিবর্তন করা কষ্টসাধ্য, কিন্তু অসম্ভব নয়। তবে এ ক্ষেত্রে চিকিৎসকেরা প্রযুক্তির সহায়তা নিতে পারেন। অর্থাৎ কম্পিউটারাইজড ডিজিটাল প্রেসক্রিপশন তৈরি করতে পারেন। সফটওয়্যারভিত্তিক প্রেসক্রিপশন তৈরি করা গেলে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব। কম্পিউটারাইজড প্রেসক্রিপশন তৈরি করা গেলে ওষুধের ট্রেড নেমের নিচে ব্র্যাকেটে জেনেরিক নাম দেওয়া যাবে।

বর্তমানে সব ওষুধ কোম্পানি ওষুধের নাম, ট্রেড নেমসহ বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। তাই এ ধরনের প্রেসক্রিপশন তৈরি করা খুব কঠিন হবে না। যেমন বর্তমানে চিকিৎসকেরা প্রেসক্রিপশনে নির্দিষ্ট কোম্পানির ওষুধের ‘ট্রেড নেম’ লিখে থাকেন। ফলে আশপাশের ফার্মেসিতে ওই কোম্পানির ওষুধ পাওয়া না গেলে রোগীকে ভোগান্তিতে পড়তে হয়। অথচ ওষুধের ‘জেনেরিক নেম’ জানা থাকলে নিকটস্থ ফার্মেসি থেকে অন্য কোম্পানির ওষুধ কেনা যায়।

চিকিৎসকেরা একটু চেষ্টা করলেই এটা করতে পারেন।

মো. মাহফুজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।