ফেসবুক, টুইটার ও ইন্টারনেটের ভালো দিক যেমন রয়েছে, তেমনই একটি ভয়ংকর দিকও রয়েছে। মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের কোনো সুষ্ঠু নীতিমালা না থাকায় ১০-১২ বছরের ছেলেমেয়েরাও খুব সহজেই মোবাইল ফোন ব্যবহার করতে পারছে। এর মাধ্যমে তারা যে শুধু বিভিন্ন তথ্য সংগ্রহ করছে তা নয়, এমন কিছু কাজও করছে, যা তাদের বিপথগামী করছে।
অন্তত ৯০ শতাংশ অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীই এখন বেশির ভাগ সময় নষ্ট করছে ফেসবুক আর ইন্টারনেট ব্যবহার করে। পড়াশোনার দিকে বেশির ভাগ ছাত্রছাত্রীর মনোযোগ নেই। খেলাধুলার প্রতিও নেই। বেশির ভাগ ক্ষেত্রে অভিভাবকেরাও এ ব্যাপারে একেবারেই উদাসীন। তারাই ছোট ছোট ছেলেমেয়েদের হাতে অনেক দামি মোবাইল তুলে দিচ্ছেন।
অনেক মা-বাবাই সন্তানদের নিয়ে ভীষণ চিিন্তত। ছেলেমেয়েরা প্রায়ই মা-বাবার সঙ্গে অস্বাভাবিক আচরণ করছে। সম্প্রতি ফাঁসির দলপ্রাপ্ত ঐশীর জীবনেও ‘ডিজিটালের’ প্রভাব রয়েছে। তাই এ ব্যাপারে দেশের সব মা-বাবাকেই সতর্ক হতে হবে। অনেক সময় দেখা যায় মা-বাবার অসতর্কতার কারণেই ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে। মা-বাবার চলাফেরা ও চরিত্র ছেলেমেয়েদেরও প্রভাবিত করে।
ফেসবুক, টুইটার ও ইন্টারনেটের অপব্যবহার করা থেকে আমাদের ছেলেমেয়েদের অবশ্যই দূরে রাখতে হবে। তাদের ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। অন্যথায় এভাবে ফেসবুক আর ইন্টারনেটের অপব্যবহার চলতে থাকলে দেশে এক ভয়ংকর সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে।
বিপ্লব বিশ্বাস, ফরিদপুর।