হাতে কলমে বাস্তবধর্মী শিক্ষার নাম কারিগরি শিক্ষা। বেকারত্বের বিপরীতে চাকরির সহজলভ্যতার কারণে নতুন প্রজন্ম এ শিক্ষার দিকে ঝুঁকছে। বর্তমানে দেশে তিন মাস থেকে চার বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা কোর্স বিদ্যমান। ডিপ্লোমাধারীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে এসে সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হয়। চার বছরে ডিপ্লোমা পাস করে স্নাতক ডিগ্রি অর্জনেও লাগে চার বছর, যা জেনারেল শিক্ষার চেয়ে দুই শিক্ষাবর্ষ বেশি। বহির্বিশ্বের মতো ডিপ্লোমার সঙ্গে স্নাতকের সমন্বয় করে শিক্ষাবর্ষ কমানোর রীতি এ দেশে নেই। ফলে উচ্চশিক্ষা লাভ করতে এসে জীবন থেকে হারিয়ে যাচ্ছে দুটি মূল্যবান বছর।
উচ্চশিক্ষার সুযোগ প্রসঙ্গে বর্তমানে ৪৯টি সরকারি পলিটেকনিক, ৫টি সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট ও ৩৭৫টি বেসরকারি পলিটেকনিক থেকে প্রতিবছর গড়ে ৭৫ হাজার শিক্ষার্থী ডিপ্লোমা ডিগ্রি নিচ্ছে। অথচ তাদের উচ্চশিক্ষার জন্য সরকারি ব্যবস্থাপনায় রয়েছে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৫৪০ সিটের) ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ (১০০ সিটের)।
সম্প্রতি দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান ও প্রযুক্তি) ডিপ্লোমাধারীদের ভর্তি পরীক্ষার সুযোগ দেয়। চার বছর ডিপ্লোমা করার পর অন্য সিলেবাসে পরীক্ষা দিয়ে প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব। ডিপ্লোমার সিলেবাসে ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হোক। আশা করি, সরকার ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার কথা চিন্তা করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেবে।
মো. রেদোয়ান হোসেন
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।