‘ডিমেনশিয়া’ শব্দটি অনেকের কাছেই এখনো অপরিচিত। তবে এর প্রকৃতির সঙ্গে অনেকেরই পরিচয় আছে। বিশেষত যাদের ষটোর্ধ্ব, মা–বাবা, দাদা-নানা, দাদি-নানি বা অন্য নিকটাত্মীয় বেঁচে আছে, তাঁদের কারও কারও ডিমেনশিয়ায় আক্রান্ত হতে দেখা যায়। একে রোগ না বলে মানসিক বৈকল্য হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। ডিমেনশিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে স্মৃতিশক্তি হ্রাস পাওয়া; কোনো কিছু চিন্তা করতে না পারা; কিছু বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া; পরিচিতদের চিনতে না পারা, ব্যক্তিত্ব ও মেজাজের পরিবর্তন ঘটা ইত্যাদি।
সাধারণত বয়স্ক মানুষেরাই ডিমেনশিয়ায় আক্রান্ত হন। তাই বলে এটি কেবল বয়স্কদের সমস্যা নয়। একটি পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য এ সমস্যায় আক্রান্ত হলে গোটা পরিবারই তার দ্বারা প্রভাবিত হয়। কোনো ক্ষেত্রে অজ্ঞতার কারণে এ ধরনের রোগীকে পাগল বলে অবহেলা করা হয়। অথচ এ অবস্থায় তাঁর প্রয়োজন সহৃদয় আচরণ ও যথাযথ সেবা যত্নের। আমাদের দেশে মানুষের গড় আয়ু বাড়ছে, ফলে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, তেমনি ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে।
যত দূর জানা যায়, ডিমেনশিয়ার কারণ এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তথ্য–উপাত্ত বা বইপুস্তকও খুব বেশি নেই। কাজেই একে এখনই একটি স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করে এর প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
মো. নজরুল ইসলাম, ঢাকা।