বর্ষার প্রথম বৃষ্টিতেই নাকাল হলো রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের মানুষ। বৃষ্টিতে গরম থেকে রেহাই পাওয়া গেলেও রাজধানীর
মানুষ জলাবদ্ধতার বিড়ম্বনায় পড়ল। কিছুদিন আগেই সিটি করপোরেশন নির্বাচন হয়ে গেল। ফলে মানুষ এখন প্রত্যাশা করছে, নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা এখন পূর্ণোদ্যমে রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে পানিনিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করবেন।
ঢাকা শহরের অধিকাংশ গলির রাস্তাই ভাঙা। সঙ্গে আছে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা। তারপর বৃষ্টি হলে গণপরিবহনের সংকট তো আছেই। ফলে বর্ষা এলে তা যেন নগরবাসীর কাছে একরকম আতঙ্ক হয়ে দাঁড়ায়। বর্ষা উপভোগ তো দূরের কথা, এ শহরে বৃষ্টি নামলে ঘর থেকে বেরোনো ও ঘরে ফেরাই দায়।
এত দিন সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি ছিল না, কিন্তু এখন আছে। মানুষ আশা করে, এত দিন যে ভোগািন্ত পোহাতে হয়েছে, এখন তা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে। এই নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি নিয়ে মানুষের দুয়ারে হাজির হয়েছিলেন। তাঁদের সে কথা রাখতে হবে।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।