রাজধানী ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ১০০ কিলোমিটারের মতো। একসময় এ পথ পাড়ি দিতে দুই ঘণ্টার মতো সময় লাগত। কিন্তু যমুনা সেতু উদ্বোধনের পর উত্তরবঙ্গের ১৬টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপিত হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাধ্যমে। এরপর পাকশী-কুষ্টিয়া সংযোগকারী লালন শাহ সেতু হওয়ার পর দক্ষিণ-পশ্চিমের কয়েকটি জেলার বাস-ট্রাক এ মহাসড়ক ব্যবহার করছে।
ফলে এ মহাসড়কে এখন প্রায় ২০টি জেলার গাড়ি চলাচল করছে। এতে টাঙ্গাইল জেলার মানুষেরা মহা সমস্যায় পড়ে গেছে। এই ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে এখন কত সময় লাগবে, তা আগে থেকে বলার উপায় নেই—তিন থেকে পাঁচ ঘণ্টা
পর্যন্ত লেগে যাচ্ছে। যাত্রীদের ভোগান্তির যেন কোনো অন্ত নেই।
এ পথে একটি কমিউটার ট্রেন চলাচল করলে এ সময় অনায়াসে দুই ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব। একসময় টাঙ্গাইলে রেলপথ না থাকলেও যমুনা সেতুর কল্যাণে এখন সেখানে রেলপথ আছে। উত্তরবঙ্গ ও খুলনার বেশ কয়েকটি ট্রেনও টাঙ্গাইল হয়ে ঢাকায় যাচ্ছে। কিন্তু এসব ট্রেনে টাঙ্গাইলের মানুষের পক্ষে আসন পাওয়া সম্ভব হয় না। কারণ, সেগুলো আগে থেকেই ভরে আসে। আর সকালে ট্রেন ধরে অফিস করা যায়, এমন ট্রেন নেই।
এ রকম পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল একটি কমিউটার ট্রেন সার্ভিস চালু করা অত্যাবশ্যক হয়ে উঠেছে। অন্তত টাঙ্গাইল থেকে সকাল সাতটায়
একটি ট্রেন ছাড়লে বহু মানুষ ঢাকায় অফিস ধরতে পারবেন। আবার সন্ধ্যা সাড়ে ছয়টা বা সাতটায় ঢাকা থেকে সেটি ছাড়লে মানুষ অনায়াসে টাঙ্গাইলে ফিরতে পারবেন।
ইতিপূর্বে এ ট্রেন চালু করার চেষ্টা কয়েকবার করা হলেও টাঙ্গাইলের বাসমালিকদের বাধার কারণে সেটা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, সমস্ত বাধা দূরে ঠেলে ঢাকা-টাঙ্গাইল ট্রেনসেবা চালু করা হোক।
মিজানুর রহমান
টাঙ্গাইল।