ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত চার লেন রাস্তায় জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত পুরোটাই শিল্প এলাকা। এটি চার লেনের রাস্তা হওয়ায় এখানে বাস-ট্রাকসহ সব যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে। সাধারণত, গার্মেন্টস শুরুর ও শেষের সময় রাস্তায় মানুষের চলাচল কয়েক গুণ বেড়ে যায়। দুই রাস্তার মাঝখানে উঁচু বিভাজক না থাকায় মানুষ যেকোনো দিক দিয়েই রাস্তা পারাপার হয়।
এমনকি রিকশা-ভ্যানও এই বিপজ্জনক জায়গাগুলো দিয়েই রাস্তা পার হয়। জেব্রা ক্রসিং থাকলেও সেখানে গাড়িগুলো তাদের গতি কমায় না। কারণ, অনেক জায়গারই আইল্যান্ড ক্ষয়প্রাপ্ত হয়ে সমান হয়ে গেছে। ফলে প্রায়ই এখানে নানা দুর্ঘটনা ঘটছে। সামনে ঈদ। ফলে রাস্তায় গাড়ি চলাচল আরও বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে দুর্ঘটনা বাড়তেই থাকবে।
যত দ্রুত সম্ভব দুই রাস্তার মাঝখানের আইল্যান্ডে অবশ্যই স্টিলের বিভাজক স্থাপন করতে হবে। কিছু জায়গায়, যেখানে শিল্পকারখানা বেশি, সেখানে ফুটওভারব্রিজ স্থাপন করা যেতে পারে। কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশ ও সিগন্যালের ব্যবস্থাও করা যেতে পারে। সড়ক দুর্ঘটনা আমাদের দেশের এক ভয়াবহ বাস্তবতা। একটি প্রাণ যাওয়া মানেই একটি সংসারের বিপদ। তবে একটু সচেতন হলেই আমরা এই বিপদ এড়াতে পারি।
সাঈদ চৌধুরী, গাজীপুর।