দেশে উন্নয়নের ভারসাম্য আনা প্রয়োজন। রাজধানীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির অবসান ঘটানো অত্যন্ত জরুরি। এ জন্য সরকারি সিদ্ধান্ত ও উদ্যোগ যেমন জরুরি, তেমনি বেসরকারি খাতের সহযোগিতাও কাম্য। সবকিছু ঢাকায় না হলে কি জাত যাবে? মন্ত্রিপরিষদ অবকাঠামো, প্রশাসনিক প্রধান কাঠামো, শিল্পকেন্দ্র সবকিছু ঢাকায়! বিশ্বে কটা দেশে এমনটি আছে? শুধু সঠিক পরিকল্পনার অভাবে সামান্য চতুর্থ শ্রেণির চাকরির পরীক্ষা দিতেও আমাদের ঢাকায় যেতে হয়। আবার মাঝে মাঝে শুনি, ঢাকায় থাকলে সামাজিক স্ট্যাটাসও নাকি বাড়ে! গ্রাম তো দূরে থাক, মফস্বল শহরেও আমরা বাস করতে চাই না।
নাগরিক সুবিধা, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা ঢাকার বাইরেও উন্নত করা হোক। ঢাকা কেবল প্রশাসনিক রাজধানী হবে। সব বাণিজ্যিক প্রতিষ্ঠান, কলকারখানা ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। আর একটিমাত্র সিদ্ধান্ত পরিস্থিতি অনেকটাই বদলাতে পারে। সরকারি, বে-সরকারি চাকরি হোক, ঢাকা থেকে যে যত দূরে চাকরি করবে, তাকে তত বেশি বেতন-ভাতা দেওয়া হোক। এসব পদক্ষেপ নিলে যদি ঢাকার ওপর চাপ কমে।
মেনহাজুল ইসলাম, দিনাজপুর।