একটি দেশের প্রাণশক্তি হলো তরুণ প্রজন্ম। আর আমাদের দেশের এই প্রাণশক্তির একটি বড় অংশ ইন্টারনেট জগতের ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ। আজকে আমাদের সমাজে কতশত অসংগতি আমরা দেখতে পাই। রাজন হত্যাকাণ্ড, কিংবা ব্লগার হত্যার ঘটনায় সুস্পষ্ট যে তরুণদের কার্যক্রম ও অভিব্যক্তি শুধু ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ।
এ ছাড়া সচরাচর দেখা যায়, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুয়া খবর প্রকাশ হয়, তরুণেরা সেটার সত্যতা যাচাই না করেই ফেসবুকে স্ট্যাটাস দেয়, টুইটারে টুইট করে। কিন্তু এই তরুণেরাই তো ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারাই তো ছিল মুক্তিযুদ্ধের কান্ডারি। কিন্তু আজকের তরুণেরা অবসর সময় যথার্থভাবে ব্যবহার করছে না। তারা সমাজের অসংগতিগুলো দূরীকরণে নিজে অংশগ্রহণ না করে শুধু ফেসবুক ও টুইটারে ঝড় তুলছে।
অবশ্যই ফেসবুক বা টুইটার মতামত প্রকাশের বৃহৎ মাধ্যম, কিন্তু একমাত্র মাধ্যম নয়, সেটা আজকের তরুণদের বুঝতে হবে। সমাজের বা দেশের দুঃসময়ে এগিয়ে আসা যে তরুণদের নৈতিক দায়িত্ব, সেটা আমাদের তরুণদের বুঝতে হবে। আশা করি, আজকের তরুণ প্রজন্ম এই বৃত্ত থেকে বেরিয়ে আসবে, দেশের অগ্রযাত্রায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে।
মো. ওয়ালী উল্লাহ, শিক্ষার্থী, শাবিপ্রবি।