মুক্তিযুদ্ধের ৪৪ বছর পার হয়ে গেলেও বিহারিরা বাংলাদেশকে এখনো নিজেদের মাতৃভূমি মনে করতে পারে না। ঢাকার মোহাম্মদপুর ও মিরপুরে চলাফেরা করলে প্রায় সময়ই উর্দু কথা কানে আসে।
পাকিস্তান তাদের নেয়নি। বাংলাদেশের সমাজও তাদের গ্রহণ করেনি। বিহারি শিশুদের সঙ্গে কথা বললেই বোঝা যায়, বাংলাদেশের প্রতি একরাশ ঘৃণা ও অভিমান নিয়ে তারা বেড়ে উঠছে। বিশেষ করে বাচ্চাদের দিকে তাকালে একটা চিন্তা মাথায় আসে, ওরা কেন বাংলাদেশকে পছন্দ করে না। অথবা কেনই বা ওরা নিজেদের শরণার্থী ভাবে। ফলে তারা আজ এত বছর পরও না হলো ঘরের, না হলো ঘাটের।
বিহারিরা এ দেশে থাকলেও তারা ঠিক আমাদের মতো নয়। অস্বাস্থ্যকর পরিবেশ, আর্থিক সংকটের কারণে পড়াশোনা করতে না পারা, সুস্থভাবে বেড়ে উঠতে না পারা, সমাজের মূল স্রোতে মিশতে না পারা প্রভৃতি কারণে ওরা ক্রমেই অন্ধকার জগতে চলে যাচ্ছে। অথচ মেনে নিতেই হবে, তারা এখন এ দেশেরই অংশ। তাদের অন্ধকারে রেখে আমাদের দেশ আলোর পথে হাঁটবে কী করে?
কথা হচ্ছে, তাদের মধ্যে যুদ্ধাপরাধীরা বেঁচে থাকলে তাদের বিচার করা হোক। কিন্তু এভাবে মানবেতর অবস্থায় ফেলে রাখা মোটেই কাজের কথা নয়। শরণার্থী হলে তো তাদের দেখভালের দায়িত্ব জাতিসংঘের। কিন্তু সে রকম কোনো বন্দোবস্তও নেই। ফলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, হয় তাদের পাকিস্তানে ফেরত পাঠাতে হবে, না হয় তাদের মূলধারায় নিয়ে আসতে হবে।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।