কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর পড়লাম, ঢাকার বেশ নামকরা একটি রেস্টুরেন্টে কে বা কারা দিনে দুপুরে ভাঙচুর করে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে গেছে। রেস্টুরেন্ট চালু হয়েছে খুব বেশি দিন হয়নি, কিন্তু অল্প সময়েই তারা ভালো সুনাম অর্জন করেছিল।
কথা হচ্ছে, এ ঘটনা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সাধারণ হলেও এ কারণে কত রঙিন স্বপ্ন নিঃশেষ হয়ে যাচ্ছে এবং কত পরিবার দেউলিয়া হচ্ছে, তার খবর আমরা রাখি না। কত তরুণ সর্বশেষ পুঁজিটুকুও হারিয়ে বেছে নিচ্ছে অন্ধকার জগৎ। নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা। আমাদের তরুণ প্রজন্ম নিয়ে অনেককেই আফসোস করতে দেখি। তাদের মধ্যে নাকি দেশপ্রেম নেই, তারা পড়াশোনা করে দেশে কিছু না করে বিদেশে পাড়ি দিতে চায়। লক্ষ করুন, এই আফসোসের সঙ্গে ওপরের ঘটনার সম্পর্ক আছে। একজন তরুণ, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, আমরা তখন তাকে উপযুক্ত পরিবেশ দিয়ে সহযোগিতা করতে পারছি না।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই তরুণের মাথায় হয়তো অসংখ্য উদ্ভাবনী চিন্তা গিজগিজ করত। সে স্বপ্ন দেখত একদিন নিজেই স্বাধীনভাবে কিছু একটা করবে, পরিবারের হাল ধরবে। কিন্তু বিশ্ববিদ্যালয় পার হয়ে যখন সে নিজে একটি ব্যবসার উদ্যোগ নেয়, তখন সমাজ এবং ক্ষেত্রবিশেষে রাষ্ট্রও তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়।
তরুণদের এভাবে নিরুৎসাহিত করে আমরা কোথায় যাব, তা কি আমরা ভেবে দেখেছি?
সাখাওয়াত হোসাইন
সিলেট।