তেজগাঁও শিল্প ও আবাসিক এলাকাটিকে ঢাকা শহরের সর্বাধিক ঘনবসতিপূর্ণ এলাকা বললে অত্যুক্তি হবে না। ঢাকা নগরের মাঝখানে অবস্থিত হওয়ায় এ এলাকার প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা হয়। কিন্তু বর্তমানে তেজগাঁও রেলস্টেশনটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কারণ, এ স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। নেই আন্তনগর ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থা। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্টেশনটির সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন কিছুই করা হয়নি।
রেল কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতার কারণেই বর্তমানে তেজগাঁও রেলস্টেশনের আশপাশে অবৈধ স্থাপনা ও বসতি গড়ে উঠেছে। এ বিষয়ে গুরুত্বসহকারে দেশের সব জাতীয় দৈনিকে ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রেলের জায়গা যদি অব্যবহৃত থাকে, তাহলে সেখানে অবৈধ বসতি গড়ে উঠবেই। যদিও কিছুদিন আগে তেজগাঁও থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে, এটি নিঃসন্দেহে ভালো খবর।
অথচ অবস্থানগত কারণেই তেজগাঁও স্টেশনে আন্তনগর নগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হলে মানুষের প্রভূত উপকার হবে। কারণ, কমলাপুর থেকে শহরের অন্য কোথাও যাওয়া একটু কঠিন। কিন্তু তেজগাঁওয়ে নামলে মানুষ অনায়াসে ফার্মগেট থেকে বিভিন্ন জায়গায় যেতে পারবে। আর তেজগাঁও এলাকাটি ঘিরে সরকারের যে পরিকল্পনা রয়েছে, তার জন্যও এই রেলস্টেশন সংস্কার করা দরকার।
সরকার সব দিক খতিয়ে দেখে এই স্টেশনটি সংস্কার ও এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করবে বলে আশা করি।
জুবায়ের আতাহার,
ঢাকা।