ত্বকের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুকাল ধরে আমাদের সমাজে মেয়েদের শুধু ফরসা ত্বকের কদর চলছে। মেয়ের ত্বক একটু ফরসা হলে তার বাবা–মা যেন আকাশের চাঁদ হাতে পান। আবার অন্যদিকে পাত্রপক্ষ সবার আগে ফরসা পাত্রীই চায়। প্রবাদ আছে, ‘আগে দর্শনধারী পরে গুণ বিচারি!’ একটি মেয়ে আত্মবিশ্বাসে, মানবিকতায়, সৃষ্টিশীলতায়, সামাজিক দক্ষতায়, নান্দনিক চেতনায়, নিজস্ব জীবনবোধে সুন্দর হলো কি না, সে প্রশ্ন পুরুষতান্ত্রিক সমাজের কাছে নিতান্তই গৌণ।
শুধু সমাজে নয়, প্রাতিষ্ঠানিকভাবেও এই সংস্কৃতির চর্চা হচ্ছে। আমার দুর্ভাগ্য, সম্প্রতি এ রকম এক নিপীড়নমূলক অভিজ্ঞতার সাক্ষী হয়েছি আমি। জাতীয় শিশু দিবসের একটি অনুষ্ঠানের জন্য এবার শিশুদের বাছাই করা হয়েছে ত্বকের রং দেখে, শিক্ষকদের আচরণ থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক।
এ রকম বৈষম্যের শিকার মেয়েদের উদ্দেশে বলতে চাই, শোন মেয়ে তোমার সৌন্দর্য তোমার মনে, তোমার চিন্তায়, তোমার বুদ্ধিমত্তায়। কারও সৌন্দর্য তার গায়ের রঙে থাকতে পারে না। শরীরের সৌন্দর্য ব্যক্তির আত্মবিশ্বাসের কারণ হতে পারে না। এটা তো তার অর্জন নয়। নিজের ওপর বিশ্বাস রেখো। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, জয় একদিন আসবেই।
খাদিজা তুল কুবরা
শিক্ষক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।