দেশের বড় বড় নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর সঙ্গে শিলাবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের ৭টি জেলার কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আবার কোথাও নদীভাঙন দেখা দিয়েছে। ফলে পানিবন্দী এসব মানুষ এখন অনেক কষ্টে জীবনযাপন করছে। তা ছাড়া, এর মাঝে কোথাও কোথাও খাদ্যসংকট দেখা দিয়েছে। অনেক মানুষ পানিবাহিত অনেক রোগেও আক্রান্ত হচ্ছে। তাই পানিবন্দী এসব মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে তাদের সাহায্যার্থে আমাদের এগিয়ে আসা প্রয়োজন।
আমাদের সমাজে যারা বিত্তবান মানুষ আছে তারা যদি এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে পানিবন্দী মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। এ ছাড়া, পানিবন্দী মানুষের জীবন রক্ষায় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাদের ত্রাণ দিতে হবে—শুষ্ক খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানিবাহিত বিভিন্ন রোগের ওষুধ ইত্যাদি পানিবন্দী মানুষের হাতে পৌঁছানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকার যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে, তাহলে পানিবন্দী মানুষ পানির যন্ত্রণা থেকে রক্ষা পাবে। আশা করি, আমাদের দেশের সরকার ও বিত্তবান ব্যক্তিরা পানিবন্দী এসব মানুষের পাশে দাঁড়াবে।
মো. মানিক উল্লাহ, সিরাজগঞ্জ।