কৃষিপ্রধান দেশ আমাদের এই বাংলাদেশ। খাদ্য উৎপাদনের প্রধান মাধ্যম হলো কৃষি, যে কৃষি আমাদের জীবন রক্ষায় সহায়তা করে। এ কথা দিবালোকের মতো সত্য, কৃষি বাঁচলে মানুষ বাঁচবে। আর কৃষি বাঁচাতে হলে কৃষকের প্রয়োজন। কৃষক না থাকলে তো ফলন আশা করা যায় না। দক্ষ কৃষক না হলে ভালো ফলন আশা করা যায় না।
কিন্তু বাংলাদেশের ৯০ ভাগ কৃষকই অদক্ষ। দক্ষ কৃষক হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকার। কৃষিকে নিম্নমানের কাজ মনে করে অনেক শিক্ষিত ব্যক্তি কৃষি উৎপাদনের কাছেই যেতে চান না। শিক্ষিত হয়ে কৃষিকাজ করা যেন লজ্জার। এই মনোভাবের কারণে কৃষির উন্নত ফলন থেকে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। কৃষি খাতকে উন্নত করতে দক্ষ কৃষকের যেমন প্রয়োজন আছে, তেমনি প্রয়োজন আছে সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা। দক্ষ কৃষক তৈরি করে দেশের কৃষি খাতকে আরও উন্নত থেকে উন্নততর করতে কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজিনুর রহমান, নীলফামারী।