মোহাম্মদপুরের বাবর রোডের পশ্চিমাংশের জেনেভা ক্যাম্প–সংলগ্ন এলাকার শতাধিক বাড়ির বাসিন্দা এবং মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত ও বসবাস আজ বহুদিন যাবৎ দুর্বিষহ। জেনেভা ক্যাম্পের পশ্চিম ও উত্তর পাশের বাবর রোড ও হুমায়ূন রোডের একটি অংশ পুরোপুরি বন্ধ করে বহুদিন ধরে বেআইনি বাজার চলছে। এ বাজার দিনকে দিন বড় হচ্ছে। ওই সড়কে গাড়ি চলে না। এমনকি সাধারণ পথচারীর হাঁটাচলা করাও বিপজ্জনক।
ফুটপাত নয়, খোদ সড়কের ওপরই স্থায়ী দোকান বসেছে। অবাঙালি মাস্তানেরা কিছু বাঙালি মাস্তানের যোগসাজশে এখানে ব্যবসা বসিয়েছে। মাঝখানে উচ্চবিদ্যালয় এবং এলাকার নিরীহ করদাতা নাগরিকেরা জিম্মি। ঢাকা উত্তরের মেয়র ইতিমধ্যে শক্ত অবস্থানে গিয়ে বেআইনি স্থাপনা উচ্ছেদ করে অনেক সড়ক মুক্ত ও প্রশস্ত করেছেন।
মোহাম্মদপুরের বাবর ও হুমায়ূন রোড বন্ধ করে বেআইনি বাজার উচ্ছেদ করে সড়ক দুটি জনপদের চলাচলের জন্য মুক্ত করুন। অভিভাবকহীন মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের বেদখল হওয়া জায়গা থেকে বাজার উচ্ছেদ করে স্কুল ও স্থানীয় লোকদের বন্দিদশা থেকে মুক্ত করুন।
বাদল চৌধুরী,মোহাম্মদপুর, ঢাকা।