দগ্ধ মানুষের আর্তনাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র নামক কঠিন শব্দ যারা বোঝে না, এ দেশের মাঠ-ঘাট, নদী-নালা, স্কুল-কলেজ, বন, নদীর পাড়, ঈদগাহ—সবকিছু কী করে দখল করতে হয় যারা জানে না, ইতিহাস নিয়ে যারা ‘গবেষণা’ করে না, তারা কেন রাস্তায় দগ্ধ হচ্ছে—এর উত্তর নিজেরাই তারা জানে না।
একদল সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছে প্রতিপক্ষের নেতাদের কুকুরের মতো মারবে, অন্যদল বলেছে ক্ষমতার মসনদ থেকে ক্ষমতাধর ব্যক্তিদের টেনে নামাবে। দুই দলের জিহ্বার ধার অবলোকন করছে সাধারণ মানুষ। আমাদের উন্নয়নের নামে, আমাদের সেবার নামে কে কতটা বিশুদ্ধ বাংলা ভাষায় একে অপরকে আক্রমণ করতে পারে, তা দেখছিলাম। হঠাৎ দুই দলেরই প্রতিপক্ষ হয়ে আগুনে দগ্ধ হচ্ছি আমরা। পৈশাচিক উল্লাসে দুই দল হিসাব কষে প্রতিপক্ষ দলের কয়জন মরল।
আমাদের দল নেই। আমাদের ক্ষমতা নেই। অসহায় আমরা দেখি, বড় নেতারা দগ্ধ হয় না, তাঁদের সন্তানেরা দুধেভাতে থাকে নিরাপদে। শুধু আমাদের সন্তানেরা শিকার হয় এই বর্বরতার।
এ আগুন কে দিল, তাও আমরা জানি না। কারণ, এর দায় কেউ স্বীকার করে না। চাতুর্যের রাজনীতিতে, মিথ্যার রাজনীতিতে কে জয়ী হবে, তা সময়ই বলে দেবে। কিন্তু সহজ হিসাব যারা বোঝে, তারা কে আগুন দিল, তা জানতে চায় না, তারা নিরাপদে হাঁটতে চায় রাস্তা দিয়ে। পোড়ার পর কার বিচার হলো, তা জেনেও কী লাভ। একজন মানুষের দগ্ধ শরীর শুধুই কি তার পুড়ে যাওয়া? পুড়ে যায় গোটা পরিবার, পুড়ে যায় একটু একটু করে গড়ে তোলা ছোট ছোট স্বপ্নের সৌধ।
ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়ার অসুস্থ প্রতিযোগিতার জাঁতাকলে পিষ্ট মানুষ মুক্তির প্রত্যাশায় দিন গুনছে। কবে আসবে মুক্তির দিন, কে আসবে মুক্তিদূত হয়ে— আমরা জানি না। অন্ধ-বধির রাজনীতি আমাদের অসহায়ত্ব দেখে না, আমাদের আর্তনাদ শোনে না। সন্তানের দগ্ধ মুখ, সন্তানের মাংসের পোড়া গন্ধ, সন্তানের লাশ কাঁধে কতটা ভারী, তা জানেন না রাজনীতিবিদেরা। ঘরে খিদে, রাস্তায় বোমা, আগুন। কোথায় যাব আমরা?
মধ্যম আয়ের দেশের স্বপ্ন, উন্নয়নের জোয়ার, ভালো থাকার কাহিনি—এসব এ অসহায়ত্বকে উপহাস করে। রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু রাষ্ট্র শোনায় রূপকথার গল্প। কে দিল আগুন, তার কাহিনি। আগুন নেভানোর দায়িত্ব সরকার নেয় না। আর কত মানুষ পুড়ে কয়লা হলে থামবে এই পৈশাচিক উল্লাস, কেউ কি দয়া করে বলবেন?
শাকিলা নাছরিন
জুরাইন, মুরাদপুর, ঢাকা।