দর্শকের চাহিদা বুঝুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশে আজ কত কত বেসরকারি টিভি চ্যানেল! দর্শকদের মাঝে জরিপ করে দেখুন, এই চ্যানেলগুলো সম্পর্কে কতজন জানে বা দেখে? কোটি কোটি টাকা লগ্নি করা এই চ্যানেলগুলো তবে কাদের জন্য?
বাংলাদেশের দর্শকদের অধিকাংশই ভারতীয় চ্যানেলের প্রতি অত্যন্ত আসক্ত। কিন্তু কেন দর্শক নিজ দেশের টিভি চ্যানেলগুলোর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, বেসরকারি চ্যানেল কর্তৃপক্ষ তা একবারও ভেবে দেখছে না। এত দিন শুধু দর্শকদের দোষারোপ করা হতো, তাঁরা হিন্দি চ্যানেল বেশি দেখেন। কিন্তু সম্প্রতি দেখুন, ভারতীয় বাংলা চ্যানেলগুলো বাংলাদেশের দর্শকদের হিন্দি চ্যানেলগুলো থেকে বের করে ভারতীয় বাংলা চ্যানেলগুলো দেখার ক্ষেত্রে আগ্রহী করে তুলেছে। তাহলে কেন দর্শক নিজ দেশের বাংলা চ্যানেলগুলো দেখছেন না?
বাংলাদেশের চ্যানেলগুলো ভারতীয় বা বিদেশি চ্যানেলের অনুকরণে বিনোদনমূলক অনুষ্ঠান বানাচ্ছে। তা ছাড়া, সবচেয়ে বড় সমস্যা বিজ্ঞাপন প্রচার। একবার বিজ্ঞাপন দেখানো শুরু হলে তা যেন শেষ করার নামই নেই।
দেশের বেসরকারি চ্যানেলগুলোতে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। এখন এই চ্যানেলগুলো টিকিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন, আবার দর্শক ছাড়া এই চ্যানেলগুলো অর্থহীন। ফলে অনুষ্ঠান নির্মাতাদের এটা বুঝতে হবে।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।