দর্শনের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শন হলো জগৎ ও জীবনের যথার্থ মানে খোঁজা। জগৎ-জীবন সম্পর্কে নিঃসন্দেহ সত্য অনুসন্ধান করা। দর্শনের অন্যতম কাজ হলো মানুষের মধ্যে বিচারিক ক্ষমতা জাগ্রত করা। এই বিচারিক ক্ষমতাবলে মানুষ ভালোমন্দ, ন্যায়–অন্যায় ও সত্যাসত্যের মধ্যকার প্রভেদ অনুধাবন করে। দর্শনের প্রধান হাতিয়ার নিষ্কলুষ যুক্তিবোধ, যা অনুশীলনের মধ্য দিয়ে আমরা অর্জন করি উদারনৈতিক মানসিকতা, পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অন্যের অধিকার সম্পর্কে সচেতনতা।
দর্শন সাম্যের কথা বলে। এ জন্য বাঙালি কবি নজরুলের কণ্ঠে ধ্বনিত হয়েছে- ‘গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান/ নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি/ সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি’। বিজ্ঞানের আবিষ্কার আমাদের জীবন সহজ করে তুললেও জীবনে এনেছে জটিলতা, তৈরি করেছে মরণফাঁদ। বিজ্ঞান নতুন কিছু আবিষ্কার করে, কিন্তু মানবকল্যাণে তার প্রয়োজন আদৌ আছে কি না, তা নিয়ে মাথা ঘামায় না।
অপরদিকে, এ নিয়ে দর্শনের মাথাব্যথার অন্ত নেই। বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে কোনটি মানবজাতির জন্য কল্যাণকর, কোনটি কল্যাণকর নয়, তা বলে দেওয়ার দায়িত্ব দর্শনের।
পৃথিবী নামক গ্রহের অধিবাসী সর্বত্র সুনীতির অভাবে ধুঁকছে। এ ক্ষেত্রে নীতি দার্শনিক ইমানুয়েল কান্টের বিখ্যাত উক্তিটি আমাদের আলোর পথ দেখাতে পারে। তিনি বলেছিলেন, ‘তুমি এমনভাবে কাজ কর যেন তোমার কর্মনীতিটি তোমার ইচ্ছার মাধ্যমে বিশ্বজনীন প্রাকৃতিক আইনের রূপ গ্রহণ করতে পারে।’
যদি আমাদের দৃষ্টিকে চারপাশের সমাজের দিকে নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাব, অনিয়ম আমাদের নিয়ম, দুর্নীতি আমাদের নীতি। যে প্যারিস থেকে দর্শন দিবস ঘোষণা করা হয়েছিল, সেই প্যারিস আজ রক্তাক্ত কেন? দর্শনের ভাষায় বলতে হয়, মানুষ মানুষ না হলেই এমনটি হয়। মানুষ জন্মের সময় মানুষ হয়ে জন্মায় না, তাকে জন্মের পর মানুষ হয়ে উঠতে হয়। এ জন্য দার্শনিক হেগেল বলেছিলেন, ‘মানুষ হও’।
জি এম শহিদুর রহমান
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।