দায়িত্ব কে নেবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোট ২১ ও ২২ জানুয়ারি ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেওয়ায় ব্রিটিশ কাউন্সিল ঢাকা কেন্দ্রের ‘এ’ লেভেল পরীক্ষা বাতিল হয়ে গেল। কথা হচ্ছে, এর দায়ভার কে নেবে? সরকার, বিরোধী দল, না ব্রিটিশ কাউন্সিল? তবে ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রাম কেন্দ্রের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

সরকার জনগণের কাছ থেকে কর নেয়। ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর আয়ও বেশ ভালো। সরকার তাদের কাছ থেকেও কর আদায় করে। দেশে ব্রিটিশ কাউন্সিলকে ‘এ’ লেভেল বা ‘ও’ লেভেল পরীক্ষার কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে
এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার দায়িত্ব তো সরকারের। একইসঙ্গে বিরোধী দলের কাছ থেকেও আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। তারা জানত, এ সময় শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেটা একবার বাতিল হয়ে গেলে শিক্ষার্থীদের অনেক ঝামেলা পোহাতে হবে।
ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষ বলেছে, বাতিল হয়ে যাওয়া পরীক্ষা পরবর্তীকালে দিতে হবে। কিন্তু এর জন্য তো শিক্ষার্থীরা দায়ী নয়। তারা প্রস্তুতি নিয়েও পরীক্ষা দিতে পারল না। এর দায়ভার কে নেবে? সামনে এসএসসি পরীক্ষা। এত বড় পাবলিক পরীক্ষা যদি হরতাল-অবরোধের কারণে অনুষ্ঠিত হতে না পারে, তাহলে মহাবিপর্যয় নেমে আসবে। তাই সময় থাকতেই উদ্যোগ নিতে হবে।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।