দীপনদের ভুলিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি দ্বাদশ শ্রেণির একজন ছাত্র। ৬ ফেব্রুয়ারি ২০১৬ প্রথম আলোয় সোহরাব হাসানের ‘দীপনদের আমরা কী করে ভুলে যাই’ লেখাটি পড়ার পর নাগরিক দায়বদ্ধতা থেকে কিছু করতে চাই। কিন্তু সীমাবদ্ধতার কারণে কালো ব্যাজ ধারণ করা ছাড়া কিছু করতে পারিনি।
জাগৃতি প্রকাশনীর কর্ণধার ছিলেন ফয়সল আরেফিন দীপন। ২০১৫ সালের ৩১ অক্টোবর তাঁকে হত্যা করা হয়। তাঁর হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে, মনে হয় তারা আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর চেয়েও শক্তিশালী।
দীপনের হত্যার বিচার চাই, এমন হত্যাকাণ্ড আর কখনোই যেন না ঘটে। অর্থশাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি দীপন আলো ছড়ানোর প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ব্যক্তিগত শোক ও কষ্ট ভুলে তিনি মানুষের শুভবোধের জাগরণ চেয়েছেন। দুঃখিত স্যার, শুভবোধের উদয় দূরে থাকুক, আমরা অনেকেই আপনার ছেলে ও একইভাবে খুন হওয়া বাকিদের কথা ভুলতে বসেছি।
কেবল কথায় নয়, কাজেও মুক্তবুদ্ধির ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন চাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।
আতাউল হক চৌধুরী
ঢাকা।