৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে অনেক দিনই হলো, কিন্তু এখন পর্যন্ত তার ফল প্রকাশ হচ্ছে না। ৩৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৮ হাজার পরীক্ষার্থীর চূড়ান্ত ফল প্রকাশিত হয় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ৭৩তম দিনে। অথচ ৩৪তম বিসিএসে ১০ হাজার পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার পর ৮৫ দিন অতিক্রান্ত হলেও চূড়ান্ত ফলের ব্যাপারে পিএসসির সাড়া পাওয়া যাচ্ছে না। প্রায় আড়াই বছর ধরে চলতে থাকা এই বিসিএসের কার্যক্রম যেন চিরকাল চলতেই থাকবে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। যদি এই পরীক্ষার আগেই ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত না হয় তবে বিপাকে পড়বে স্বয়ং পিএসসি ও সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। কারণ, ফল প্রকাশ না হলে ৩৪তম বিসিএসে যাঁরা ক্যাডার পাবেন, তাঁরাও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পরবর্তীকালে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে আরও ভালো ক্যাডার পাওয়ার জন্য চেষ্টা করবেন। এর ফলে ৩৫তম বিসিএসে অনেকে ক্যাডার পেয়েও যোগদান করবেন না এবং অযথা কিছু শূন্যপদ সৃষ্টি হবে, পরবর্তীকালে যা বিসিএস থেকে পূরণ করতে হবে।
আমরা এই দুশ্চিন্তা ও দীর্ঘসূত্রতার অবসান চাই। ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল যেন ৩৫তম লিখিত পরীক্ষার আগেই প্রকাশিত হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জাফর সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়।