এই নগরবাসীর অনেকেরই ধারণা, বনানী-গুলশানে বাস মানেই সকল সুখের আকরের মধ্যে বসবাস। কেউ কেউ ঈর্ষাও করেন এই অভিজাত (!) এলাকায় বসবাসকারীদের সৌভাগ্যকে। কিন্তু বাস্তবে কি তাই? ছোট ভাই দুষ্টুমি করে বলে, ‘ময়লা কাদা গর্ত পানি, এই আমাদের বনানী’। সত্যিই তাই। এখানে দুপুর ১২টায় ময়লার ট্রাক জ্যাম সৃষ্টি করে।। গত কয়েক বছরে রাস্তাগুলোর উল্লেখযোগ্য মেরামত হয়নি। কাজেই সেগুলো ভেঙেচুরে গেছে, যেখানে-সেখানে গর্ত, সব ঋতুতেই পানি জমা, স্ল্যাববিহীন ফুটপাত, আর সেখানে মশার জন্ম—এসব মিলে এখানকার বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।
রাস্তাঘাটে রিকশা, গাড়ি, ভ্যান মিলে দুর্বিষহ জ্যাম, হাঁটারও উপায় নেই, ফুটপাতে ভয়াবহ গর্ত, পানি, কোথাও নির্মাণসামগ্রী রাখা, সে এক অসহায় পরিস্থিতি। সুপার মার্কেটের চারপাশের রাস্তাগুলো দেখলে ‘অভিজাত’ শব্দটিকে ব্যঙ্গ করা হবে। সন্ধ্যার পর মশার ভনভনানিতে ছেলেমেয়েদের লেখাপড়া করা দুঃসাধ্য। আবাসিক এলাকার একেবারে ভেতরের রাস্তাগুলোতে দোকানপাট ও হোটেল-রেস্তোরাঁ, যেখানে প্রচুর গাড়ি পার্ক করা থাকে। ফলে চলাচলে বিঘ্ন ঘটে ও সান্ধ্যকালীন জনজীবন হয়ে ওঠে অবাঞ্ছিত কোলাহলমুখর। ৬,৭, ৮ ও ১০ নম্বর রাস্তা দেখলেই পরিস্থিতি কিছুটা বোঝা যাবে।
তো এই আভিজাত্য এখন কে রক্ষা করবে?
রেজাউল করিম
ঢাকা।