দুর্নীতিকে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব ডিজাইনে শখের বশে একটি টেবিল বানাতে অর্ডার দিয়েছিলাম। বছর অতিক্রান্ত না হতেই টেবিলের এক জায়গায় ঘুণে ধরেছে। তেমন একটা গুরুত্ব দিলাম না। সেদিন দেখলাম, ঘুণে ধরার জায়গাটা ভেঙে পড়ার উপক্রম এবং আরও বিভিন্ন জায়গায় ঘুণে ধরেছে। তখন টেবিলটা মেরামতের জন্য নিয়ে গেলাম। দুর্ভাগ্য, টেবিলটা অকেজো ঘোষণা করা হলো। 
আমাদের সমাজের দুর্নীতিও এরকম। যে কারণে সাধারণ জনগণকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। প্রথম অবস্থায়ই যদি বিষয়টা ঝেড়ে ফেলা না যায়, তবে সেটা মহামারি আকারে বেড়ে ওঠার সুযোগ পায়। ক্যানসারের যেমন কোনো সঠিক প্রতিষেধক নেই, তেমনি দুর্নীতির জন্যও কোনো টিকা নেই। প্রয়োজন প্রতিরোধ করার পাশাপাশি দুর্নীতি সমূলে উৎপাটন করা। আবার দুর্নীতি ও কলার মধ্যে একটা মিল রয়েছে। কলা যেমন বারোমাসি সুফল, দুর্নীতি তেমনই সারা বছরব্যাপী কুফল।
অনিয়মের কারণে দাম বাড়লে ক্রেতা ভোগান্তিতে পড়েন, মাছে কিংবা সবজিতে ফরমালিন ব্যবহার করলে ক্রেতা শারীরিক ও আর্থিক দুভাবেই ক্ষতিগ্রস্ত হন; নীরবে কিংবা সরবে ঘুষ চাওয়া হলে স্বল্প আয়ের লোকেরা নিঃস্ব হয়ে পথে বসেন সেই চাহিদা মেটাতে। একজন নীতিমান মানুষ সমাজের জন্য যেমন আশীর্বাদ, তেমনি একজন দুর্নীতিবাজ সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ।
পত্রপত্রিকায় অনেক সময়ই দুর্নীতির খবর ছাপা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই একসময় তা নিয়ে কারও মাথাব্যথা থাকে না। প্রয়োজন ধারাবাহিকভাবে ঘটনার শেষ পর্যন্ত প্রকাশ করা। তদন্ত কমিটির পেশ করা সুপারিশগুলো যাচাই-বাছাই করে দ্রুত কার্যকর করার ব্যবস্থা করতে হবে। যেখানে দুর্নীতির সম্ভাবনা কিংবা পরিমাণ বেশি, সেখানে সার্বক্ষণিক মনিটরিং করার ব্যবস্থা করতে হবে। দোষী ব্যক্তি যাতে কোনোভাবে রেহাই না পায়, সে ব্যবস্থা করতে হবে। সামাজিক নিয়মকানুনগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।