বাংলাদেশের জাতীয় আয়ের বড় একটা অংশ হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। একটু সচ্ছল জীবনযাপনের আশায় অনেকে বিদেশে পাড়ি জমান। তাঁরা দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করে দেশে টাকা পাঠান। এসব টাকা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে।
প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সুযোগ-সুবিধা দেওয়ার অনেক আশ্বাস দেন, যার বাস্তবায়ন শুধুই স্বপ্ন। প্রায়ই শোনা যায়, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রবাসীরা আইনি সহায়তা, কাজের সহায়তা, বেতন সমস্যা, আবাসন সমস্যা, কাজের পরিবেশ, শিক্ষা ইত্যাদি সমস্যা নিয়ে দূতাবাসে গেলে তাঁদের তেমন সহযোগিতা করা হয় না। অনেক সময় সহযোগিতা তো দূরের কথা, অনেকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীরাও একই সমস্যায় পড়েন। বাংলাদেশ সরকার বেতন ও নানা সুযোগ-সুবিধা দিয়ে দূতাবাসে কর্মকর্তা-কর্মচারী পাঠিয়ে থাকে। অথচ তাঁদের বেশির ভাগের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তাঁদের মূল দায়িত্ব রেখে আমোদ-প্রমোদ ও বিলাসী জীবনযাপন নিয়ে ব্যস্ত থাকেন।
তাই বাংলাদেশের দূতাবাসে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যাচাই-বাছাই করে সৎ, কর্মঠ, নিষ্ঠাবান দেশপ্রেমিক লোক পাঠালে আমাদের প্রবাসীরা তাঁদের কাছ থেকে সঠিক সেবা পাবেন বলে আশা করা যায়। যথাযথ প্রশিক্ষণ দিয়ে কাজের গুরুত্ব সম্পর্কেও তাঁদের মধ্যে বোঝাপড়া তৈরি করা উচিত।
অতএব, মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করছি, স্পর্শকাতর এই বিষয়টির প্রতি দৃষ্টি দিন।
মো. রফিক, ঢাকা।