দূষণ রোধের পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ু, পানি, মাটি, শব্দদূষণসহ নতুন একটি দূষণ সারা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে সামনে আসছে, আর তা হলো সমুদ্রদূষণ। আন্তর্জাতিক একটি সমীক্ষা অনুযায়ী, সারা বিশ্বে পরিবেশদূষণের জন্য যত ধরনের উপকরণ দায়ী, তার প্রায় ৪২ শতাংশ উপকরণ কোনো না কোনোভাবে সমুদ্রে গিয়ে পড়ে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য নষ্ট হওয়া ও সমুদ্রতলে অপচনশীল বস্তুর স্তর তৈরি হচ্ছে। এটা পরোক্ষভাবে সমুদ্রসীমার উচ্চতা বৃদ্ধির জন্যও দায়ী।
সমুদ্রদূষণের পূর্ববর্তী ধাপ হলো নদীদূষণ। ২০১১ সালের বুড়িগঙ্গা নদীর বর্জ্য অপসারণ প্রকল্প থেকেই আমরা উপলব্ধি করতে পারি সমুদ্রদূষণের তীব্রতা কত। ওই সময় নদীর তলদেশ থেকে প্রচুর পরিমাণে পলিথিন, পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী, টিনের কৌটা, লৌহজাত দ্রব্য, কাঠের টুকরা ইত্যাদি উঠে আসে।
এসব পরিত্যক্ত অপচনশীল পদার্থের উৎস হলো আমাদেরই প্রতিদিনের ব্যবহার্য বিভিন্ন ভোগ্যপণ্যের মোড়ক। আমাদের দেশে ভোগ্যপণ্যের মোড়ক হিসেবে অপচনশীল পদার্থ যেমন: পলিথিন, প্লাস্টিক, টিন ইত্যাদি ব্যবহৃত হচ্ছে যথেচ্ছভাবে। সুষ্ঠু ও পদ্ধতিগতভাবে পুনঃপ্রক্রিয়ার ব্যবস্থা না থাকায় এসব অপচনশীল দ্রব্য বিভিন্নভাবে নদনদী ও খাল-বিলে গিয়ে পড়ছে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে, যা জলসম্পদের প্রতি হুমকি। শহরাঞ্চলের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এসব অপচনশীল পদার্থ।
কথা হচ্ছে সাবান, তেল, শ্যাম্পু, ডিটারজেন্ট ইত্যাদির মোড়ক হিসেবে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার নিষিদ্ধ করতে হবে। কাগজ বা দ্রুত পচনশীল দ্রব্যের মোড়ক ব্যবহারে উৎসাহ দিতে হবে। পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে না পারলে পরিবেশের প্রতি সুবিচার করা কখনোই সম্ভব নয়।
সাজ্জাদ হোসেন, ঝিনাইদহ।