মিরপুর ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা শহরের অন্যান্য স্থানের তুলনায় মিরপুরে বসবাস করা সহজলভ্য এবং যোগাযোগব্যবস্থা ভালো। তাই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মিরপুরে থাকেন। মিরপুর থেকে প্রতিদিন হাজারো মানুষ গুলশান, বনানী, এয়ারপোর্ট ও উত্তরা যাতায়াত করেন। ২০১৩ সালের মার্চের আগ পর্যন্ত সব গাড়ি মহাখালী হয়ে যেত, এতে মহাখালীর ব্যস্ততম সড়কটি যানজটে পরিপূর্ণ থাকত। এ কারণে অনেকে সময়মতো অফিসে পৌঁছতে পারতেন না, নষ্ট হতো অনেক কর্মঘণ্টা।
বর্তমান সরকার মিরপুরবাসীকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এমইএস (র্যাডিসন হোটেল) থেকে মাটিকাটা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করে কালশী হয়ে মিরপুর-১১ পর্যন্ত রাস্তা প্রশস্ত করেছে এবং করছে। রাস্তা চালুর প্রথম দিকে এই পথে মানুষের যাতায়াতে আগ্রহ কম থাকলেও বর্তমানে মিরপুর থেকে গাজীপুর, উত্তরা, টঙ্গী, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, বসুন্ধরা, শেওড়া, বনানী, গুলশান ও বাড্ডার যাত্রীরা এই পথে যাতায়াত করছে। এতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। অন্যান্য রাস্তার মতো ট্রাফিক সিগন্যাল না থাকলেও এই রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ায় এবং রাস্তার খারাপ অবস্থা ও সংস্কারকাজে ধীরগতি থাকায় এখানে যানজট শুরু হয়েছে। বিআরটিসির বাস সঠিক ভাড়া আদায় করলেও অন্য বাসগুলো বেশি ভাড়া আদায় করছে। কেউ কালশী থেকে খিলক্ষেতে যেতে চাইলে তাকে দিতে হবে ৩০ টাকা, অথচ পথ হলো মাত্র ছয় কিলোমিটার। আবার কেউ শেওড়া বিশ্বরোড থেকে ইসিবি চত্বরে যেতে চাইলে তাকেও ৩০ টাকা দিতে হবে, কিন্তু পথ মাত্র তিন কিলোমিটার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শ্যামল কুমার সরকার, ঢাকা।